কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯০ শতাংশ, ফল কবে জানালেন ভিসি
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯০ শতাংশ বলে জানিয়েছেন সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
বিকেল সাড়ে তিনটার পর ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি জানান।
অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, আজকের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রগুলোতে অতিরিক্ত সহায়তা, নিরাপত্তা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারেন।
জানা যায়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয় এবং চলে ৪টা ১৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত ৭ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন ভিসি।
এদিকে ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১১-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের আর বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা হবে।