মাদ্রাসাটির ৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, আছেন শ্বশুরবাড়ি—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল
যশোরের বাঘারপাড়ার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার ৩৫ ছাত্রীর সবাই বাল্যবিয়ের শিকার। তাদের মধ্যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ২৭ জন এবং চলতি বছর আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন আটজন। অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধনের তথ্য উপেক্ষা করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে তাদের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পর শিক্ষার্থীদের অধিকাংশই এখন শ্বশুরবাড়িতে। এর মধ্যে চলতি বছরের আলিম পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। তাদের প্রত্যেকেই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
মাদরাসাটির অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, ‘বিয়েতে আমরা বাধা দিলে অভিভাবকরা এ মাদরাসায় আর কোনো মেয়েদের পাঠাবে না।’
২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদরাসাটি থেকে আটজন শিক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। আটজনের প্রত্যেকেই আইসিটি বিষয়ে ফেল করেছেন। এর মধ্যে তিনজন আইসিটির পাশাপাশি ইংরেজি, কুরআন ও হাদিস বিষয়েও অকৃতকার্য হয়েছেন। ফেল করা আট শিক্ষার্থীকে পড়িয়েছেন আটজন প্রভাষক ও সহকারী অধ্যাপক। অথচ তাদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত দর্গাহপুর মহিলা আলিম মাদরাসাটি ১৯৮৭ সাল থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। আর ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠানটিতে আলিম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ২০২৬ সালের আলিম পরীক্ষায় সারা দেশে ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এ অবস্থায় মাদরাসা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ গত ১০ নভেম্বর ফেল করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের জরুরি ভিত্তিতে তলব করেন। সেখানে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়।
২০২৭ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২৫ সালে ২৭ মেয়ে ভর্তি হয়। এই ২৭ জনেরই বিয়ে হয়ে গেছে। এরমধ্যে মাত্র দশজন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। ২০২৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল, তারা সবাই বিবাহিত। তারা স্বামীর সংসারে সময় দেবে, না পড়াশোনা করবে?—অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস
দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস তার প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে না আসা, পর্যাপ্ত শিক্ষক না থাকা এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়া।
মাদরাসাটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করানো হয়। প্রতিষ্ঠানটির পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আধা কিলোমিটারের মধ্যে আছে আরেকটি মহিলা আলিম মাদরাসা। এরপরও দর্গাহপুর মহিলা আলিম মাদরাসায় বর্তমানে খাতাকলমে শিক্ষার্থী রয়েছেন ২৫৪ জন। তাদের মধ্যে আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন, মাধ্যমিক পর্যায়ে ১১৬ জন এবং বাকিরা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী।
প্রতিষ্ঠানটিতে পাঁচজন কর্মচারী রয়েছেন। এ ছাড়া প্রাথমিক পর্যায়ে চারজন, মাধ্যমিকে ছয়জন এবং আলিম পর্যায়ে আটজন শিক্ষক রয়েছেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ মোট ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকার থেকে বেতন-ভাতা পান।
অধ্যক্ষ আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলের একটি তালিকা আগেভাগেই তার টেবিলের গ্লাসের নিচে সাজিয়ে রাখা হয়েছে। তবে প্রদর্শিত ওই ফলাফলের সঙ্গে শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের মিল পাওয়া যায়নি।
এবারের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাইলে অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘মেয়েদের পড়াশোনা করানোর আগ্রহ নেই সাধারণ মানুষের। তাই দাখিল (এসএসসি) পাস করার পর মেয়েদের বিয়ে দিয়ে দেন। তারা পড়াশোনা করতে চায় না।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘২০২৭ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২৫ সালে ২৭ মেয়ে ভর্তি হয়। এই ২৭ জনেরই বিয়ে হয়ে গেছে। এরমধ্যে মাত্র দশজন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। ২০২৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল, তারা সবাই বিবাহিত। তারা স্বামীর সংসারে সময় দেবে, না পড়াশোনা করবে?’
পরীক্ষায় ফেল করা কয়েকজন ছাত্রীর ঠিকানা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘তারা সবাই শ্বশুরবাড়িতে। বাবার বাড়িতে কাউকে পাওয়া যাবে না।’
মাদরাসার উপাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ২০২৩ সালে ননএমপিওভুক্ত আইসিটি শিক্ষক হিমেল বিশ্বাস প্রতিষ্ঠান ছেড়ে চলে যান। এরপর দীর্ঘদিন আইসিটি বিষয়ে কোনো শিক্ষক ছিলেন না। পরে ২০২৬ সালের ১ জুন আইসিটি শিক্ষক নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন শিক্ষক না থাকায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া আট শিক্ষার্থীর সবাই আইসিটি বিষয়ে ফেল করেছেন।
এ ছাড়া মাদরাসাটিতে আবশ্যিক বিষয় সাধারণ গণিত, সমাজবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কৃষিশিক্ষা ও কুরআন বিষয়ে কোনো শিক্ষক নেই।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মূলত পড়াশোনার উদ্দেশ্যে আলিম শ্রেণিতে কোনো মেয়ে এ মাদরাসায় ভর্তি হন না। শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিত না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় শিক্ষকরা পরিচিতজনদের মেয়েদের কাগজপত্র সংগ্রহ করে নিজেদের খরচে ভর্তি করিয়ে দেন। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় যান না এবং পড়াশোনার প্রতিও তাদের মনোযোগ নেই।
দুর্গাপুর গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘পড়াশোনায় ভালো না হওয়ায় আমার মেয়েকে আগামী বছর থেকে পাঠাবো না।’
মাদরাসার সহকারী প্রভাষক (আরবি) আব্দুল হান্নান বলেন, ‘শিক্ষার্থী এলে তবেই তো পড়াশোনা করাবো! কিন্তু তারা যদি না আসে তাহলে কাদের পড়াবো?’
শিক্ষার্থীরা কেন মাদরাসায় আসে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব শিক্ষার্থী (মেয়ে) শ্বশুরবাড়িতে। তারা আসবে কেমন করে?’
শিক্ষার্থীদের বাল্যবিয়ে প্রতিরোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চাইলে অধ্যক্ষ আব্দুল কুদ্দুস বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে পদক্ষেপ নিলে অভিভাবকরা তাদের মেয়েদের এ মাদরাসায় পাঠাবে না। জন্মনিবন্ধন বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের সনদে তাদের বয়স ১৮ দেখিয়ে বিয়ের রেজিস্ট্রি করা হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, ‘পরীক্ষায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেইসব প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে ইতিপূর্বে আমরা বসেছি। আলাদা করে বসার সময় হয়ে ওঠে না। কিন্তু একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের এতো ব্যয়, অথচ তার আউটপুট শূন্য—এভাবে তো চলতে পারে না।’
বিকেলে তিনি জানান, একটি পত্রের মাধ্যমে মাদরাসাপ্রধানকে ফলাফল বিপর্যয়ের যথাযথ কারণ ২৬ নভেম্বরের মধ্যে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, ‘আলিম ক্লাসের শিক্ষার্থী, মানে তাদের বয়স ১৮ বছরই তো হয়নি। কীভাবে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, বিষয়টি খোঁজখবর নেবো।’