২৩ নভেম্বর ২০২৬, ২০:৪৯

এক বোর্ডে ২৩০৭ জনের ফল পরিবর্তন, ২২২৪ জনই ফেল থেকে পাস

পরীক্ষার হল   © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডেই ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৩০৭ জনের। যাদের মধ্যে ২ হাজার ২২৪ জনই ফেল থেকে পাস করেছেন। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পুনরায় প্রকাশিত পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এর আগে, দুপুরে প্রকাশিত ফলাফলে গড়মিল থাকায় সন্ধ্যায় নতুন করে ফল প্রকাশ করা হয়। 

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন হয়েছে কুমিল্লা বোর্ডে। এ বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ১১ দশমিক ১৭ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৬৬৮ জনের ফল পরিবর্তন হয়েছে। সংখ্যার হিসাবে তৃতীয় অবস্থানে থাকলেও ফল পরিবর্তনের হারে দেশের সব বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ময়মনসিংহ। এ বোর্ডে আবেদনকারীদের ১৪ দশমিক ১৪ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে। 

চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ) এবং দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৩৫ জনের (৮ দশমিক ৩০ শতাংশ) ফল পরিবর্তিত হয়েছে। যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৭৩৬ জনের (৬ দশমিক ৬১ শতাংশ), সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ২৬৭ জনের (৮ দশমিক ৭৭ শতাংশ) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২ হাজার ২২৪ জনই ফেল থেকে পাস করেছেন।