২৩ নভেম্বর ২০২৬, ১৯:৫৪

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল পুনঃপ্রকাশ, কোন বোর্ডে জিপিএ-৫ কত?

শিক্ষার্থী  © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম ফলাফলে অকৃতকার্য হওয়া ২০ জন পরীক্ষার্থীও এবার জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পুনরায় প্রকাশিত পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এর আগে, দুপুরে প্রকাশিত ফলাফলে গড়মিল থাকায় সন্ধ্যায় নতুন করে ফল প্রকাশ করা হয়। 

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি নতুন জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন। অন্যদিকে সবচেয়ে কম নতুন জিপিএ-৫ পেয়েছেন বরিশাল বোর্ডের ২১ জন পরীক্ষার্থী।

তথ্য অনুযায়ী, নতুন করে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লা বোর্ডে ১২০ জন, রাজশাহী বোর্ডে ৫৬ জন, যশোর বোর্ডে ১৬৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১০১ জন, বরিশাল বোর্ডে ২১ জন, সিলেট বোর্ডে ৭৭ জন, দিনাজপুর বোর্ডে ১৩৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন পরীক্ষার্থী।

পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।  এর মধ্যে  ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।    

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।   

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে। 

এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।