সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন না ৫৫৪৮ শিক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফেল করা ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডেরই ১৮ জন। এদিকে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করা ৫ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী আসন্ন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘পুনঃনিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন, তারা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা শুধু তারাই দেবেন, যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন।’
জানা গেছে, নানা নাটকিয়তার পর সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিলেন, এমন ২০ জন পরীক্ষার্থীও আছেন।
ফেল থেকে জিপিএ-৫ পাওয়া ২০ জনের মধ্যে ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডের একজন করে শিক্ষার্থী রয়েছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন।
পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।