বরিশাল শিক্ষা বোর্ডে ২,৭৭২ জনের ফল পরিবর্তন
২০২৬ সালের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।
এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।