২২ নভেম্বর ২০২৬, ১৬:২৫

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

এইচএসসি পরীক্ষা   © সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, এমসিকিউসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের তারিখ নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৪, ২৫ ও ২৬ নভেম্বর জেলাভিত্তিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করা হবে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি ২০২৬ খ্রিষ্টাব্দের (সাপ্লিমেন্টারি) পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্রের অনুকূল বরাদ্দকৃত মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও এমসিকিউসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম নির্ধারিত তারিখ অনুযায়ী বিতরণ করা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে উল্লিখিত সরঞ্জাম নেওয়ার জন্য নির্দেশ করা হলো।

শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ও কিশোরগঞ্জ জেলার জন্য ২৪ নভেম্বর; মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাংগাইল, ফরিদপুর, ও মাদারীপুর জেলার জন্য ২৫ নভেম্বর; ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়নগঞ্জ, ও নরসিংদী জেলার জন্য ২৬ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, নির্ধারিত তারিখে সরঞ্জাম নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত একজন শিক্ষক (যিনি বেন্দ্রকমিটির সাথে সংশ্লিষ্ট) এর মাধ্যমে নিতে হবে। কোন অবস্থাতেই শিক্ষক ব্যতিত অফিস সহকারী অথবা অন্য কাউকে প্রাধিকারপত্র দেওয়া যাবেনা। অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত অধক্ষের বেলায় সরঞ্জাম নেওয়ার আবেদন পত্রে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে এছাড়া প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের বেলায় প্রাধিকার (Authorised) পত্রে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার (জেলা পর্যায়ে ডিসি, এডিসি ও উপজেলা পর্যায়ে ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।