২১ নভেম্বর ২০২৬, ১৯:০৯

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালেন আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি

এইচএসসির ফল দেখছেন পরীক্ষার্থী ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান  © ফাইল ফটো

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর বেলা ১১টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এ ছাড়াও শিক্ষামন্ত্রণালয়ের অনুমোদন পেলে কেন্দ্রীয়ভাবে ফল দেখানো হতে পারে।’ 

জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করা হচ্ছে।’

এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের পরদিন (১ নভেম্বর) থেকে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন। 

এর আগে, ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়ে চলে আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত। ৮ দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ফলে ১৪ দিনে  ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করতে হয়েছে পরীক্ষকদের। 

প্রসঙ্গত, ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ পরীক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।