এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ দিন আজ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে আজ বুধবার (১৮ নভেম্বর)।
এর আগে, গত ১৫ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত করা যাবে। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এর আগে, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম গত ৫ নভেম্বর শুরু হয়ে ৯ নভেম্বর শেষ হয়। ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় সময় বাড়ানোর দাবি জানান। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আরও তিন দিন সময় বাড়ায় শিক্ষা বোর্ড।
সূচি অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই সময়সীমার মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।