১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩০

রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে

ভর্তি পরীক্ষা  © সৌজন্যে প্রাপ্ত

মাধ্যমিকে ভর্তি পরীক্ষা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রোববার (১৫ নভেম্বর) এ আদেশ দেন।

এর আগে ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর রিটটি দায়ের করা হয়। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এ রিট করেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপসচিবকে বিবাদী করা হয়েছিল।

রবিবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রিট আবেদনের পর রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষার বদলে ডিজিটাল লটারির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে পুনরায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান এবং ওই দিনই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আইনজীবী জাহিদ তালুকদার বলেন, ‘শিক্ষামন্ত্রী সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়ার পর তুমুল বিতর্ক দেখা দেয়। শিক্ষাবিদরা জানিয়েছেন, এ ব্যবস্থার ফলে কোচিং বাণিজ্য মাথাচাড়া দিয়ে উঠবে এবং খুদে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নামে মানসিক চাপের মুখে পড়বে।’

এই আইনজীবী বলেন, ‘সরকার লটারি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও সঠিক মূল্যায়নের ভিত্তিতে হয়নি। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল পর্যায়ে ভর্তি পরীক্ষার নিয়ম সমাজে অসমতা তৈরি করবে; দরিদ্র শ্রেণির শিশুরা কোচিং ও টিউটরের ব্যয় বহন করতে না পেরে পিছিয়ে পড়বে।’