এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহমীদ রেজা। পরীক্ষায় তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন।
নিজের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামযীদ। ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তামযীদ বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’
ছেলের এমন সাফল্যে আনন্দিত তাঁর বাবা চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক রেজাউল করিম। ছেলের ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী ও প্রথম। অনুভূতি আলহামদুলিল্লাহ। বাবা-মা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সে অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বোর্ডটিতে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ১৬৬ জন।
এবারের ফলাফলে পাসের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।