০১ নভেম্বর ২০২৬, ১১:৪৫

দুই কলেজে ৫ শিক্ষার্থী, পাস করেনি কেউ—একটিতে ৩ জনের ৭ শিক্ষক, আরেকটি বন্ধের সিদ্ধান্ত

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড  © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরগুনার দুটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটি হলো পাথরঘাটার হোগলাপাশা কলেজ এবং বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এ দুই প্রতিষ্ঠান থেকে মোট পাঁচজন পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, পাথরঘাটার হোগলাপাশা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেন। তাদের কেউই পাস করতে পারেননি। অন্যদিকে, বেতাগীর কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হননি।

এর মধ্যে হোগলাপাশা কলেজের ৩ শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ৭ জন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণিতে কোনও শিক্ষার্থী ভর্তি হয়নি। বর্তমানে ১৮ জন শিক্ষার্থী ভর্তি আছেন বলে দাবি করেন কলেজটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মাদ্রাসা শিক্ষক জাহিদুল ইসলাম খান।

শিক্ষক জাহিদুল ইসলাম খান বলেন, ‘কলেজটি নতুন হওয়ায় অধিকাংশ শিক্ষকই পার্টটাইম হিসেবে ক্লাস নেন। এবার তিনজন পরীক্ষা দিলেও কেউ পাস করতে পারেনি। একাদশ শ্রেণিতে কেউ ভর্তিও হয়নি। ভালো পৃষ্ঠপোষক না থাকায় কলেজটির পড়াশোনার মান বাড়ছে না।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর অবস্থা আরও খারাপ হয়েছে। তবে স্থানীয় বিএনপির এক নেতা কলেজটির পড়াশোনার মান বাড়ানোর বিষয়ে উদ্যোগী হবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রতিষ্ঠানের আশেপাশে ক্যাচমেন্ট এরিয়ায় অন্তত ১০টি স্কুল থাকলেও আর কোনও কলেজ নেই। একটু উদ্যোগী হলেই এটি ভালো একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়া সম্ভব।’

শনিবার (৩১ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর দুই কলেজের ফলাফল নিয়ে এমন তথ্য সামনে এসেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষার্থী সংকটের বিষয়টি আগেই সামনে আসে। গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, শ্রেণিকক্ষ সংকটের কারণে প্রতিষ্ঠানটিতে ২০২৪ সালের পর উচ্চমাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখা হয়। 

সর্বশেষ ২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আর এবার দুজন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় বসেন। বিষয়টি নিয়ে জানতে প্রতিষ্ঠানটিতে যোগাযোগ করা হলে তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, কলেজ শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর: এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে

সংশ্লিষ্টরা জানান, যে দুজন পরীক্ষা দিয়েছেন, তারা এই প্রতিষ্ঠানের নামে অংশ নিলেও পড়াশোনাসহ সব কার্যক্রম সম্পন্ন করেছেন পাশের চান্দখালী মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ থেকে। কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিকে নতুন আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়নি।

এবারের ফলাফলে প্রতিষ্ঠানটির কোনো পরীক্ষার্থী পাস করতে না পারায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে পাথরঘাটার হোগলাপাশা কলেজ থেকেও তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে না পারায় প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে বরগুনার দুটি প্রতিষ্ঠান রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলার দুটি কলেজের পাঁচ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ না হওয়ার ঘটনা স্থানীয় শিক্ষাঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।