৩১ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

এ প্লাস পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ফাইয়াজ

হাসনাতুল ইসলাম ফাইয়াজকে দড়ি দিয়ে বেঁধে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে  © সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন তিনি। গ্রেপ্তারের পর হাতকড়া ও দড়ি দিয়ে বেঁধে তাকে আদালতে হাজির করার ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।

আজ শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হলে তার এই কৃতিত্বের খবর জানা যায়। এবারের পরীক্ষায় তিনি ঢাকা কলেজ থেকে অংশগ্রহণ করেন।

ফাইয়াজের পরিচিতি শুধু একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে নয়, জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া কিশোর শিক্ষার্থী হিসেবেও। আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। ওই মামলায় ২০২৪ সালের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ছিল ১৭ বছর। ২৭ জুলাই তাকে আদালতে হাজির করা হলে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করলেও পরদিন জন্মনিবন্ধন ও এসএসসি সনদ উপস্থাপন করে অপ্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ দেওয়া হয়। পরে শিশু আদালত তার রিমান্ড বাতিল করে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে হাজির করার সময় ফাইয়াজের হাতে হাতকড়া ও দড়ি বাঁধা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে এভাবে আদালতে হাজির করার ঘটনায় মানবাধিকার ও শিশু অধিকার নিয়েও প্রশ্ন ওঠে।

এরপর ২০২৫ সালের জুলাইয়ে যাত্রাবাড়ী থানায় করা পুলিশ হত্যা মামলার তদন্তে ফাইয়াজের সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে তদন্তকারী সংস্থা। আদালত তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করলে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।