এইচএসসি-আলিম ও কারিগরিতে বহিষ্কার ৫১০, কোন বোর্ডে কত
চলতি বছর এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৫১০ জন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, ২০২৬ সালের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৩৪০ জন এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে যথাক্রমে ১১৮ ও ৫২ জন বহিষ্কার হয়েছেন।
সাধারণ শিক্ষা বোর্ড— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন যথাক্রমে ৫১, ৩১, ৬৯, ৪৩, ২৭, ১৪, ২২, ৪২ ও ৪১ জন।
আরও পড়ুন: ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ শুরু কবে, জানা গেল
এদিকে এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।
অন্যদিকে এবার পাস করা পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন। আর ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার বেশি। প্রকাশিত ফলাফলে পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের ৫২ দশমিক ২৫ শতাংশ ফেল করেছেন। ছাত্রীদের ফেল করার হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে অবস্থান করছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। আর পাসের হারে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় ৫১ দশমিক ৬২ শতাংশ। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার সামান্য বেশি।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ।