৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৭

৮ শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না এক শিক্ষার্থীকে

কলেজে কর্মরত শিক্ষক   © সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে কর্মরত রয়েছেন আটজন শিক্ষক। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে সেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

কলেজটির নাম মির্জাগঞ্জ মজিদবাড়ীয়া কলেজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ২৪ বছর পার করলেও এখনো গড়ে ওঠেনি নিজস্ব কোনো পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে কলেজটির পাঠদান কার্যক্রম। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের আগ্রহ কমছে বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।

কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহ দেখায় না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি কলেজটিতে শিক্ষার্থীসংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।

এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটির মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলে আটজন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটির কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।