৩১ অক্টোবর ২০২৬, ১৪:৩৯

আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা  © সংগৃহীত

আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১০০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। মোট ৮৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রায় অর্ধেক পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় ফলাফলে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা থেকে এবার মোট ৮৭ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪২ জন জিপিএ-৫ (A+) পেয়েছে, যা মোট পরীক্ষার্থীর ৪৮ দশমিক ২৭ শতাংশ। এছাড়া ২১ জন A গ্রেড (২৪ দশমিক ১৩ শতাংশ), ৬ জন A- গ্রেড (৬ দশমিক ৮৯ শতাংশ) এবং ৩ জন B গ্রেড (৩ দশমিক ৪৪ শতাংশ) অর্জন করেছে।

অর্থাৎ, প্রতিষ্ঠানটির ফলাফলে একদিকে যেমন রয়েছে শতভাগ পাসের সাফল্য, অন্যদিকে রয়েছে বিপুলসংখ্যক শিক্ষার্থীর সর্বোচ্চ গ্রেড অর্জনের কৃতিত্ব। মোট পরীক্ষার্থীর প্রায় অর্ধেক জিপিএ-৫ পাওয়ায় এবারের ফলাফলকে প্রতিষ্ঠানের ধারাবাহিক একাডেমিক সাফল্যের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এবারের এই সাফল্য এসেছে।

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের এই ফলাফল প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শতভাগ পাসের পাশাপাশি ৪২ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রমাণ করে, শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য কতটা আন্তরিক ছিল। এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।