৩১ অক্টোবর ২০২৬, ১৪:১০

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,২২৮ জন

যশোর শিক্ষা বোর্ড  © টিডিসি ফটো

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী, যা গত চার বছরের তুলনায় সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১০টি জেলার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪০টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ১৭ হাজার ৫১০ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। অসুদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ৪৩ জন পরীক্ষার্থী।

বিগত চার বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালে পাসের হার ছিল ৬৯.৮৮ শতাংশ (জিপিএ-৫ পায় ৮ হাজার ১২২ জন), ২০২৪ সালে ৬৪.২৯ শতাংশ (জিপিএ-৫ ৯ হাজার ৭৪৯ জন) এবং ২০২৫ সালে ছিল ৫০.২০ শতাংশ (জিপিএ-৫ পায় ৫ হাজার ৯৯৫ জন)। সেই তুলনায় ২০২৬ সালে পাসের হার কমে ৪৪.৯২ শতাংশে এবং জিপিএ-৫ কমে ৩ হাজার ২২৮ জনে নেমে এসেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী জানান, এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে এবার ইংরেজিতে শিক্ষার্থীরা বেশি অকৃতকার্য হয়েছে। তাই এ বোর্ডে ফলাফল বিপর্যয় হয়েছে।

তিনি জানান, প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে ফলাফল প্রকাশের পরের দিন থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ আগামী ১ নভেম্বর হতে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে।