ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪, জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ১ হাজার ১১৯ জন ছাত্রী এবং ১ হাজার ১৮ জন ছাত্র।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক ও কলেজ পরিদর্শক প্রফেসর এস এম আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৬৭৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। এ বছর মোট উত্তীর্ণ হয়েছ ৩৬ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন। অর্থাৎ পাসের সংখ্যায়ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া শেরপুর জেলায় ৪৫ দশমিক ৬৫ শতাংশ, নেত্রকোনা জেলায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুর জেলায় ৪৩ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।