ঢাকা কলেজে পাসের হার ৯৯.৩৮, জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ঢাকা কলেজে এবার পাসের হার ৯৯.৩৮ শতাংশ। প্রতিষ্ঠানটিতে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮৬১ জন। এর মধ্যে পাস করেছেন ৮৫৪ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৪১ জন। মানবিক থেকে পরীক্ষার ১৪৮ জন অংশ নিয়ে ১৪৬ জন পাস করেছেন আর জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৫ জন।
ফলাফলে অনুভূতি প্রকাশ করে ঢাকা কলেজ শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেন, ‘বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন ছিল। এরপরও এ প্লাস অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোতে পরীক্ষাকেন্দ্রে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিল। এর পাশাপাশি বন্যার সময় আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম।’
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘গতবারের তুলনায় আমাদের টোটাল পাশের হার বেশি বেড়েছে। গতবার ঢাকা কলেজে পাশের হার ৯৯.২৯ শতাংশ ছিল এবার এবার ৯৯.৩৮ শতাংশ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে সারা বাংলাদেশে জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। পাশের হারও অর্ধেক ৫২ শতাংশ হয়েছে। সেই প্রেক্ষিতে হয়তো আরও ভালো ফলাফল হতে পারত।’
তিনি বলেন, যেহেতু এই ছেলেগুলো পাঁচ আগস্টের পর বিভিন্ন কারণে নানা ডিস্টার্বেন্সের মধ্যে ছিল। কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যত সম্ভব ভালো ফলের জন্য।
এর আগে শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১ টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।