৩১ অক্টোবর ২০২৬, ১২:২৮

রাজশাহী বোর্ডে বড় ধস: পাসের হার ৪৫.০৬%, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন   © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সমাপনী ফলাফল ও পরিসংখ্যান সংক্রান্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার সময় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন জানান, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে। শিক্ষাবোর্ডের দেওয়া সার্বিক পরিসংখ্যানে শিক্ষার্থীরা নিয়মমাফিকভাবে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল পেয়ে যাচ্ছে। তবে রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি কেন এমন নিম্নমুখী হলো, সাংবাদিকরা এ বিষয়ে বারবার প্রশ্ন তুললেও তিনি কোনো সরাসরি মন্তব্য বা উত্তর প্রদান করেননি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ অর্জনসহ সার্বিক ফলাফলে বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। এ শিক্ষাবর্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫.০৬ শতাংশ (উপস্থিত পাসের হার ৪৭.০৩%)। 

গত ২০২৫ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৫৯.৪০ শতাংশ, যা এবার ১৩.৩৪ শতাংশ কমে এসেছে। একই সাথে গত ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১০,১৫৭ জন শিক্ষার্থী, যা চলতি বছর অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে ৪,৫২০ জনে।

চলতি ২০২৬ শিক্ষাবর্ষে বোর্ডে মোট ফরম পূরণকৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। তবে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ০৫৬ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট কৃতকার্য হতে পেরেছে ৬৪,৮৪৭ জন শিক্ষার্থী। অপরদিকে অনাগত ও অনুত্তীর্ণ মিলিয়ে মোট অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫,৯৮৩ জনে।

এ বছর রাজশাহী বোর্ডে সর্বমোট ৪,৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে, যার মধ্যে ১,৯৯৮ জন ছাত্র এবং ২,৫২২ জন ছাত্রী। লিঙ্গভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছাত্রদের তুলনায় পাসের হারে মেয়েরা বেশ এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৬৩,৯১৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২৪,০৯৫ জন, যা শতকরা ৩৭.৭১ শতাংশ। অন্যদিকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৭৩,১৩৮ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪০,৭৫২ জন, যা শতকরা ৫৫.৭২ শতাংশ (পাসের হার সূচকে বোর্ডে যা ৫৫.০৩% হিসেবে নির্দেশিত)।

অকৃতকার্য শিক্ষার্থীদের বিশাল একটি অংশ এক বা দুই বিষয়ে ফেল করায় চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ হয়েছে। পরিসংখ্যানে জানা যায়, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪৩,১৯১ জন শিক্ষার্থী, যা শতকরা ১৫.৪৫%। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১২,৮৭৯ জন শিক্ষার্থী, যা শতকরা ১৪.৮৬%। এছাড়া পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ বছর রাজশাহী বোর্ডে বহিষ্কৃত হয়েছে মোট ৫১ জন পরীক্ষার্থী।

ফলাফলের এই বড় পতনে শিক্ষা বোর্ডের অধীনস্থ কলেজগুলোর শিক্ষাপরিবেশে মারাত্মক প্রভাব দেখা গেছে। এ বছর শতভাগ (১০০%) পাস করা কলেজের সংখ্যা কমে মাত্র ৯টিতে নেমে এসেছে, যা গত ২০২৫ সালে ছিল ১৮টি। অপরদিকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এমন শূন্য শতাংশ (০%) পাস করা কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে, যা গত বছরে ছিল ১৫টি। এছাড়া ১০০% এর নিচে ও ৫০% এর ওপরে পাস করা কলেজ ১২০টি, ১০% থেকে ৫০% পাস করা কলেজ ৫৩৬টি এবং ০% থেকে ১০% পর্যন্ত পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯টি।

চলতি বছর রাজশাহী বোর্ডের আওতাধীন সর্বমোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে ৭৪০টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই নিম্নমুখী হয়েছে।