৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৩

সিলেটে এইচএসসিতে এবার পাসের হার ৫০.৯০ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলেনর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম  © সংগৃহীত

এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলেনর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী ছিলেন। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর জিপিএ-৫ পান ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ ভাগ, ২০২৩ সালে ৭১ দশমিক ৬২ ভাগ, ২০২২ সালে ৮১ দশমিক ৪০ ভাগ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ ভাগ, আর ২০২০ সালে শতভাগ, ২০১৯ সালে ৬৭ দশমিক ০৫, ২০১৮ সালে ৭৩ দশমিক ৭, ২০১৭ সালে ৭২ ভাগ, ২০১৬ সালে ৬৮ দশমিক ৫৯ ভাগ, ২০১৫ সালে ৭৪ দশমিক ৫৭ এবং ২০১৪ সালে ৭৯ দশমিক ১৬।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে করোনাকালীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকে পাস করিয়ে দেওয়া হয়। সেই বার ফলাফল প্রস্তুতিতে বিগত বছরের এসএসসির ফল বিবেচনা নেওয়া হয়। আর ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং জেএসসি ও এসএসসি পরীক্ষার কিছু নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছিল, যার ফলে পাসের হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল।