৩০ অক্টোবর ২০২৬, ১৭:৪৬

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল

আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে  © ফাইল ফটো

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এর মাধ্যমে দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরাও তাদের ফলাফল জানতে পারবেন।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে ।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণঃ HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

 আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে আরও বলা হয়, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।