শনিবারের ফল, এক যুগের মধ্যে একমাত্র ছিল শুধু অটোপাসের বছর
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি থেকে দুই দিন পিছিয়ে নতুন সময় অনুযায়ী আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা ছিল। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে পাবলিক এই পরীক্ষার ফল প্রকাশ হয়ে আসছে গত এক যুগের বেশি সময় ধরে। শুধু ব্যতিক্রম ছিল ২০২০ সালের ফলাফল প্রকাশের তারিখ। অটোপাসের এই বছরের ফল পরবর্তী বছরের (২০২১ সাল) ৩০ জানুয়ারি (শনিবার) প্রকাশিত হয়েছিল।
এর আগে ২০১৩ সালের ৩ আগস্ট (শনিবার) ওই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। তাছাড়া ২০০০ সাল থেকে সর্বশেষ ২০২৫ সাল পর্যন্ত আরও দুইবার সরকারি ছুটির দিন শনিবারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।
২০০০ সালের ২৬ আগস্ট (শনিবার) ওই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল আর ২০০৯ সালের ২৫ জুলাই (শনিবার) ওই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।
অন্যদিকে, আরেক পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমানের ফলও সাধারণত সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কর্মদিবসে প্রকাশ করা হয়েছে আসছে। তবে গত এক যুগের আশপাশে ২০১৪ ও ২০১৫ সালে সরকারি ছুটির দিন শনিবারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।
২০১৪ সালের ১৭ মে (শনিবার) ও ২০১৫ সালের ৩০ মে (শনিবার) স্ব স্ব বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।
জানা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
যে কারণে এবারের ফল শনিবারে
এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জটিলতা হয়েছে। এর কারণে আগামী বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার ফল প্রকাশিত হবে। বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক কর্মকর্তা বলেন, ২৯ অক্টোবর ফল প্রকাশ হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তার সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।
এর আগে ২৬ অক্টোবর (সোমবার) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বর্তমানে চারদিনের সরকারি সফরে জাপান অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফল প্রকাশের বিষয়টি তাকে অবহিত করতে না পারায় বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানায় মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র।