১৭ অক্টোবর ২০২৬, ২১:০৭

এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত

ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। 

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

অন্যদিকে বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বর এবং পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি’র অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কোন বিভাগের কত ফি:

নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৪৩৫ টাকা। এরমধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা।

ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের প্রত্যেক পরীক্ষার্থীর জন্য লাগবে ২ হাজার ৩১৫ টাকা। এরমধ্যে বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।