১২ অক্টোবর ২০২৬, ১৮:৫৬

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএসসি কার্যকর ২০২৭ সালে

ফেল করা শিক্ষার্থী  © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত ২০২৭ সাল থেকে কার্যকর করার কথা রয়েছে। 

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি বছর এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এটা কতটা ফলপ্রসূ হয়, সেটার ওপর ভিত্তি করে আগামী বছর এসএসসিতে কাজে লাগানো যাবে।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে এমন শিক্ষার্থীদের ‘সাপ্লিমেন্টারি এক্সাম’ নেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে। সরকারও এ ব্যাপারে ইতিবাচক রয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের ‘ড্রপআউট’ কিভাবে ঠেকানো যায়, কী কী পরিকল্পনা নেওয়া যায়, সেসব বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়।

এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।