এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান তিনি।
দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘চলতি বছরের নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতে আমাদের কাজ চলমান রয়েছে।
এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা গ্রহণে দেরিতে নেওয়া হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। আশা করছি সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’
জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ২ জুলাই থেকে শুরু হয়ে চলে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে শেষ হয়েছে।
এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরির মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।