ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৯০৬ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন। এর মধ্যে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৯৪ হাজার ২৩৬ জন।
পুনর্নিরীক্ষণের খাতার সংখ্যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর। গ্রেড পরিবর্তন হয়েছে ৮ হাজার ৯৯৯ জনের। এছাড়া শুধু নম্বর পরিবর্তন হয়েছে ২১ হাজার ৬৯ জনের। ফেল থেকে পাস করেছেন ৩৩৭ পরীক্ষার্থী।
এর আগে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন তুলনামূলক উচ্চ পাসের হার থাকার পর দুই বছর ধরে এসএসসির ফল কিছুটা নিম্নমুখী। এবার শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার।
ফল জানবেন যেভাবে
আবেদনকারীরা তিন উপায়ে ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে।
এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য আবেদনকারীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।