২৪ আগস্ট ২০২৬, ১৫:২৫

নটরডেমসহ ৪ মিশনারি কলেজের ভর্তি কবে, যা জানা যাচ্ছে

ঢাকার ৪টি মিশনারি কলেজের লোগো।  © টিডিসি সম্পাদিত

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা- ২০২৬ প্রকাশ করা হয়েছে। একাদশ ভর্তিতে ৭ শতাংশ কোটাসহ ভর্তি আবেদনের প্রক্রিয়া, কলেজ বাছাইসহ খুঁটিনাটি বিষয় নীতিমালায় জানানো হয়েছে। তবে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করাবে ঢাকার ৪টি মিশনারি কলেজ। সেগুলো হলো- নটর ডেম, হলি ক্রস, সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।

সূত্রে জানা গেছে, কলেজগুলো এ বছর এখনও ভর্তির নীতিমালা প্রকাশ করেনি। তবে আজকে অথবা আগামীকালের মধ্যেই ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে জানিয়েছে একাধিক কলেজ কর্তৃপক্ষ। 

জানা যায়, বিগত কয়েক বছর ধরেই প্রায়ই অভিন্ন নীতিমালায় এ কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নটরডেম কলেজের কর্তৃপক্ষের একজন বলেন, ‘এখনও পর্যন্ত কোনো নীতিমালার সিদ্ধান্ত হয়নি। তবে আজ বা আগামীকালের মধ্যে নীতিমালা ও ভর্তির নিয়মাবলি প্রকাশ করা হবে।’

ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা, সিএসসি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা দেখেছি, মন্ত্রনালয় নীতিমালা দিয়েছে। আমরা সাধারণত মন্ত্রণালয়ের নীতিমালা প্রকাশের পর আমরা প্রকাশ করে থাকি। আজকে অথবা আগামীকালের মধ্যে নীতিমালা প্রকাশ করা হবে।’