২৩ আগস্ট ২০২৬, ১২:২৩

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস শুরুর তারিখ নির্ধারণ

একাদশে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা   © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানদ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'একাদশে ভর্তির আবেদন আগামী মাসের ২ তারিখ থেকে শুরু হবে। ভর্তির আবেদন চলবে ১০ সেপ্টম্বর পর্যন্ত। ২২ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ২৩ তারিখ থেকে ক্লাস শুরু হবে।'

তিনি আরও বলেন, 'একাদশে ভর্তির নীতিমালা গত বছরের মতোই থাকবে। মন্ত্রীর নির্দেশনা দিলে আজই নীতিমালা ওয়েব সাইটে চলে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে।'

এর আগে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়ার পরিকল্পনা ছিল। ভর্তি কার্যক্রম শেষে ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাবও করা হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। এরপর আবেদন ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।