১০ আগস্ট ২০২৬, ১৬:১০

রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ স্কুলের সবাই ফেল, শিগগিরই পাচ্ছে নোটিশ

রাজশাহী শিক্ষা বোর্ড  © সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাঁচটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। তবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কোনো বিদ্যালয় ছিল না।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, শূন্য পাসের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী জেলার তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে বিদ্যালয় রয়েছে। সোমবার বেলা ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন।

শূন্য পাসের হারের বিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী অংশ নিলেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এছাড়া মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এই বিদ্যালয়টিতেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে নয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এই বিদ্যালয়ের পাসের হারও শূন্য।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, এ মুহূর্তে তাদের কোন নোটিশ দিচ্ছি না। তবে দুই একদিনের মধ্যে তাদের একটা নোটিশ দেওয়া হবে।