০৯ আগস্ট ২০২৬, ২২:৫৯

রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে

সকালে এসএসসির ফল  © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশ করা হবে। ফলে রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

সাধারণ নিয়ম অনুযায়ী এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে গত ২০ জুলায়েই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সকাল ১০টায় প্রকাশ করা হবে
আগামীকাল সকাল ১০টার পর এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটে নিজস্ব EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রগুলো নির্ধারিত পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবে।

এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বরিশাল বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে SSC BAR 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠানোর কথা জানিয়েছে বোর্ড।