ফল খারাপ নিয়ে দুশ্চিন্তা, প্রকাশের আগেই আত্মহত্যা দাখিল পরীক্ষার্থীর
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষা খারাপ হওয়ায় ফলাফল প্রকাশের আগেই ফলাফল নিয়ে দুশ্চিন্তায় মাফিয়া সুলতানা মাহি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মাহি কাকনহাটি গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সে চলতি বছর ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদ্রাসার জেনারেল শাখা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবারের সদস্যদের দাবি, পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।
নিহতের বাবা আব্দুল খালেক বলেন, কয়েকদিন আগে আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, ‘মা, তোর পরীক্ষা কেমন হয়েছে? ফেল করবি না তো?’ এরপর থেকেই ওর চলাফেরায় কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলাম। কিন্তু কখনো ভাবিনি সে এমন একটি মর্মান্তিক সিদ্ধান্ত নেবে। অন্য কোনো কারণ আমার জানা নেই। পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তাতেই হয়ত আমার মেয়েটা আত্মহত্যা করেছে।
মাহির খালা আনোয়ারা বেগম (৬০) জানান, মাহির মা মঞ্জুরা বেগম অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় গিয়েছিলেন। বাড়িতে মাহি ও তিনি ছিলেন। ঘটনার দিন মাহির বাবাও বাড়ির বাইরে ছিলেন।
তিনি বলেন, বুধবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে ফজরের নামাজের জন্য উঠে দেখি মাহি বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর রান্নাঘরে গিয়ে দেখি আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে মাহি ঝুলে আছে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।