এইচএসসিতে আজ কেউ বহিষ্কার হয়নি
চলমান এইচএসসি পরীক্ষার নবম দিনে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। শনিবার (১৮ জুলাই) ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরীক্ষাসংক্রান্ত তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, শনিবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৪১ হাজার ২৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৮২০ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৭০ শতাংশ। এসব বোর্ডে কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে কম, ১ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে বরিশাল বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, ৩ দশমিক ২৭ শতাংশ।
উল্লেখ্য, উল্লেখ্য, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আল ফিকহ প্রথম পত্র পরীক্ষায় মোট ৭৬ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭১ হাজার ৩৭ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৩৯৭ জন। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
কারিগরি শিক্ষা বোর্ডে মার্কেটিং নীতি ও প্রয়োগ-২, ট্রেড-১ (দ্বিতীয় পত্র) এবং শর্টহ্যান্ড-২ (ইংরেজি) বিষয়ের পরীক্ষায় মোট ৭৯ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৬ হাজার ৬৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৯৫ জন। এ বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।