১৫ জুলাই ২০২৬, ১৪:৫২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএসসি পরীক্ষার্থীরা

সাইন্সল্যাব মোড় অবরোধ  © সংগৃহীত

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থরা।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়‌। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

এসময় শিক্ষার্থীদের, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ, আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো এবং অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।