১৩ জুলাই ২০২৬, ২০:২৪

বৈরি আবহাওয়ায় এইচএসসিতে অনুপস্থিত কত

পানিতে ভিজে কেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা  © টিডিসি

টানা বৃষ্টি, জলাবদ্ধতার মাঝেই দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ষষ্ঠ দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেননি ১৯ হাজার ৫৯২ শিক্ষার্থী। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এ দিন সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, কারিগরি বোর্ডে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। 

এদিনের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। এতে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ কথা থাকলেও কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এই বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৫ হাজার ১৭০ জন শিক্ষার্থী। 

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ৮৬ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৮৩ হাজার ৪৫০ জন। এই বোর্ডে পরীক্ষায় অংশ নেননি ২ হাজার ৬৯৩ পরীক্ষার্থী। 

এদিকে ৮টি বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৪ জন বহিষ্কার হয়েছেন। ময়মনসিংহ বোর্ডে ৪ জন, ঢাকা ও সিলেট বোর্ডে ২ জন করে, দিনাজপুর, বরিশাল ও সিলেট বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কুমিল্লা বোর্ডে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ৫ জন।