১১ জুলাই ২০২৬, ১৬:০৭

এইচএসসির আইসিটি ও মাদ্রাসার ইংরেজি পরীক্ষায় কতজন বহিষ্কার হলেন?

পরীক্ষার হল  © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। শনিবার (১১ জুলাই) ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ২৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষায় মোট ৮ লাখ ২৪ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩ হাজার ৩৪৬ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৮ জন পরীক্ষার্থী।    

এর মধ্যে ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ ৪ জন বহিষ্কার হয়েছেন। দিনাজপুর ও কুমিল্লা বোর্ডে ৩ জন করে, ঢাকা, রাজশাহী, যশোর ও সিলেট বোর্ডে ২ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

 উল্লেখ্য, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ২ জন।   

এর আগে, চতুর্থ দিনের পরীক্ষায় মোট ৮০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চার দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে, পরীক্ষার প্রথম দিনে এ সংখ্যা ছিল ৭, দ্বিতীয় দিনে ১৭ ও তৃতীয় দিনে ছিল ৪৮ জন।