সব রেকর্ড ছাড়িয়ে গেল এইচএসসির চতুর্থ দিনের বহিষ্কার
এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কারের সংখ্যা আগের তিন দিনের সব রেকর্ড ছাড়িয়েছে। বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে মোট ৯৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চতুর্থ দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৬৯ হাজার ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৮০ জন পরীক্ষার্থী।
এর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন বহিষ্কার হয়েছেন। দিনাজপুরে ১৪, ঢাকায় ৯। যশোরে ৮, রাজশাহীতে ৭, সিলেটে ২ জন, ময়মনসিংহ ও বরিশালে ১০ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। চট্টগ্রাম বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বিজনেস ইংলিস অ্যান্ড কমিউনিকেশন ও পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ১২ জন।
সব মিলিয়ে চতুর্থ দিনের পরীক্ষায়র মোট ৮০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চার দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে, পরীক্ষার প্রথম দিনে এ সংখ্যা ছিল ৭, দ্বিতীয় দিনে ১৭ ও তৃতীয় দিনে ছিল ৪৮জন।