চট্টগ্রামের এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে—এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি’-এর নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৮ জুলাইয়ের পরীক্ষা দুপুর ১টা থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি আরম্ভ হবে মর্মে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত।
এতে বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্যও সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রসঙ্গত, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের বাকি সাত বিভাগে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।