‘নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে চেয়ে বিব্রত করবেন না’
শোবিজ অঙ্গনের পরিচিতমুখ পারশা মাহজাবীন পূর্ণী। তিনি একইসাথে একজন উদীয়মান বাংলাদেশী গায়িকা, গীতিকার, সুরকার, মডেল ও অভিনেত্রী। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং নিজের সুরেলা কণ্ঠশৈলীর মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি লাভ করেন।
সামাজিক মাধ্যমে রয়েছে তার আলাদা ফেনবেইজ। গতকাল ফেইসবুকে একটি ছবি প্রকাশ করে আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন পারশা।
নিজের ভেরিফায়েড ফেইসবুকে একাউন্টে বরসাঁজে শেরওয়ানি-মুকুট পরিহিত একজনের সাথে ছবি শেয়ার করেন তিনি। অবশ্য তিনি নিজেও ছিলেন কনের সাজে।
ছবিটির সাথে একটি বার্তাও জুড়ে দিয়েছেন পারশা। তিনি লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’
তবে ছবিটি আসল কী না, তা উল্লেখ করেননি পারশা। ছবিটি কি এআই দিয়ে তৈরি না মূর্তির অবয়বে বরের পোশাক— এ নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। পরশা নিজেও বিষয়টি পরিষ্কার করেন নি।
তবে এই পোস্ট দেখে বিভ্রান্ত হননি ভক্তরা। সেটি ওই পোস্টেই ভক্তদের করা কমেন্ট থেকে বুঝা গেছে। নেটিজেনরাও তার এই ছবি ও বর নিয়ে মজা করছেন।
মাহিন নামে একজন লিখেছেন, ‘এটা তো জামাই না, এআই । কারন, আমি জানি আপনি আমার মন ভাঙ্গবেন না।’
ফারিয়া ইসলাম সুমা নামে একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে, পুতুলকে সাজিয়ে রেখেছে।’
ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই কৌতূহল দেখা গেছে পারশার ভক্তদের মাঝে। যদিও তিনি 'সম্পর্কে আছেন' বলে জানিয়ে দিয়েছেন অনেক আগেই।
নেটিজেনরা ছবিটি প্রথমে দেখে কিছুটা চমকে গেলেও পারশার ক্যাপশনে স্পষ্ট হয় অনেক কিছুই। রসিকতার উদ্দেশ্যেই এমন পোস্ট করেছেন বলেই মন্তব্য করছেন ভক্ত-নেটিজেনরা।
২০২৪ সালে ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন পারশা মাহজাবীন পূর্ণী। পরবর্তীতে ২০২৫ সালে জাহিদ প্রীতম পরিচালিত চরকি ওয়েব ফিল্ম 'ঘুমপরী'-তে উষা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন; একই পরিচালকের ‘এক গুচ্ছ কদম’ নামের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেন তিনি। এছাড়াও তিনি ২০২৬ সালের চলচ্চিত্র ‘ডোম’-এর সাউন্ডট্র্যাকে প্লেব্যাক গায়িকা হিসেবেও যুক্ত ছিলেন।