থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে যা বললেন আমির খান, মুক্তি কবে
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন পরিচালক রাজকুমার হিরানি। সিক্যুয়েলটির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় রয়েছেন অভিনেতা আমির খান। সবকিছু ঠিকঠাক এগোলে ছবিটির পরবর্তী কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজারের
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক অনুষ্ঠানে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে কথা বলেন আমির খান। নতুন ছবির গল্প সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তিনি জানান, রাজকুমার হিরানি চিত্রনাট্য তৈরির কাজ করছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার অপেক্ষায় আছেন তিনি।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’। ছবিটিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছিলেন আর মাধবন, শরমন জোশী ও কারিনা কাপুরসহ আরও অনেকে। প্রকৌশল শিক্ষার্থীদের জীবন, প্রাতিষ্ঠানিক চাপ এবং নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার সংগ্রাম নিয়ে নির্মিত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বক্স অফিসেও সাফল্য পায় সিনেমাটি।
‘থ্রি ইডিয়টস’-এর সাফল্যের পর ২০১৪ সালে ‘পিকে’ ছবিতে আবার একসঙ্গে কাজ করেন আমির খান ও রাজকুমার হিরানি। সেই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল হয়। এবার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নির্মিত হলে ফের একসঙ্গে কাজ করবেন এই জুটি। তবে এখনও মুক্তির দিনক্ষণ ঠিক হয়নি বলে জানা গেছে পরিচালক সুত্রে।