১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭

সিনেমার বাজেট ২৫ কোটি, ৩১০ কোটি আয় করে ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ নিভিন পলি ও মমিতা বাউজু  © সংগৃহীত ছবি

মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। গত ২১ আগস্ট মুক্তির পর মাত্র ২৬ দিনেই বিশ্বব্যাপী ৩১০ কোটি রুপির বেশি আয় করে মালয়ালম সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের সিনেমার রেকর্ড গড়েছে এটি। এর মাধ্যমে ভেঙে দিয়েছে এতদিন সর্বোচ্চ আয়ের মালয়ালম সিনেমা ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’র ৩০২ কোটি রুপির রেকর্ড।

সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি রুপিরও বেশি। দুদিন আগেই এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে। এতদিন সেই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১: চন্দ্রা’র দখলে। সিনেমাটি আয় করেছে ৩০২ কোটি রুপি। এটি মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টে।

মালয়ালম সিনেমায় বর্তমানে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘এল ২: এম্পুরান’ ও ‘থুডারুম’-এর দখলে। সিনেমা দুটি যথাক্রমে ২৬৫ কোটি ও ২৩৪ কোটি রুপি আয় করেছে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেমকে ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পড়ে পুরোনো প্রেম জাস্টিনের কথা।

দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে অ্যাশলির পরিচয় হয়। সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি নিয়ে আসে।

বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে। কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় একপর্যায়ে সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন। এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হয়, তা জানা যাবে সিনেমার শেষেই।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরও আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার। নির্মাণ করেছেন গিরিশ এ. ডি.

মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও সিনেমাটির প্রশংসা দেখা গেছে।