৩০ আগস্ট ২০২৬, ১০:৪৯

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী তাসনুভা তিশা

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা  © সংগৃহীত

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা টিমের সদস্যরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি নিজেই।

লাইভে অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারযোগে তিনি ও তাঁর টিমের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।

জানা গেছে, ধাক্কার কারণে তাদের বহনকারী প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি চালকসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে পরে তাদের গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। কিছুটা দূরে গিয়ে পিকআপটি আটক করতেও সক্ষম হন তিনি। কিন্তু চালক পিকআপটি রাস্তায় ফেলে চাবি নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তাসনুভা তিশা বলেন, ধাক্কাটি বেশ মারাত্মক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তাঁর ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।