১৩ জুন ২০২৬, ১৭:১৮

প্রভার স্ক্রিনশট প্রকাশ্যে, প্রেম নিয়ে কী লিখেছিলেন ডিলেট করা ফেসবুক পোস্টে?

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা  © সংগৃহীত

পর্দায় দীর্ঘ দিন অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় ক্যারিয়ারে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তিনি। ব্যক্তিজীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন সামাজিক মাধ্যমগুলোতে। সেগুলো নিয়ে প্রশ্ন জেগেছে তার অনুসারীদের কাছে। সামাজিক ম্যাধমের ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন চুটিয়ে প্রেম করছে তাদের প্রিয় অভিনেত্রী। 

কিছুদিন ধরে প্রভা সামাজিক মাধ্যমে বিদেশে ভ্রমণের ছবি পোস্ট করে আসছেন। পোস্টগুলো নজর কেড়েছে তার অনুসারীদের। যেগুলো দেখে অনেকেই বলাবলি করছে, প্রেমে পড়েছেন অভিনেত্রী। 

অনেকের ধারণা প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যদিও অভিনেত্রী বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি। তবে তার ইঙ্গিতপূর্ণ একটি ছবি নিয়ে চর্চা বেড়েই চলেছে।

বিদেশ ভ্রমণে অভিনেত্রী প্রভা

কয়েকদিন আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন প্রভা। ছবিতে তার হাতে ছিল লাল রঙের একটি বেলুন। আর বেলুনে লেখা ‘আই লাভ ইউ’। সে ছবি নিয়ে বেশ আলোচনা চলছিল। এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারও উসকে দিলেন অভিনেত্রী। এবার আরও স্পষ্ট ইঙ্গিত। যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব।

গত শুক্রবার রাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, সাদা পোশাকে কোনো একটি রেস্তোরাঁয় বসে আছেন প্রভা। একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে। আর সে হাত ধরে আছেন আরেকজন। ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনেও লিখেছেন, ‘আই লাভ ইউ টু’। কিছুক্ষণের মধ্যেই নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভাইরাল হয় পোস্টটি। পরে পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন প্রভা। প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো এ চেষ্টা করেছেন তিনি। পোস্ট ডিলিট করলেও স্ক্রিনশট থেকে যায় অনুসারীদের কাছে। অভিনেত্রীর এই পোস্টই যেন প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভা। পরে জনপ্রিয়তা পান নাটকেও। করেছেন চলচ্চিত্রেও অভিনয়। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন তিনি। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। কিছুদিন পরই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামে এক কর্পোরেট ব্যক্তিকে বিয়ে করেন। সেটাও ভেঙে গিয়েছিল। অতঃপর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী। সে একাকিত্বের অবসান ঘটিয়ে এবার হয়তো যৌথ-জীবনের কথা ভাবছেন তিনি। এখন তাই অভিনেত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় তার ভক্তরা।