১৯ মে ২০২৬, ২২:০৮

ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান

ঈমান আলি  © টিডিসি সম্পাদিত

লালমনিরহাটের হাতীবান্ধা থেকে গাজীপুরে এসে রিকশা চালানোকে পেশা হিসেবে ইমান আলি। এ গল্পটা প্রায়প্রায় ১৭ বছর আগের। পরে জীবনের প্রয়োজনে নানা কাজ করতে হয়েছে তাকে। একপর্যায়ে দিলদার আলি নামের একজনের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে যুক্ত হন স্থানীয় নাটকের জগতে। গত ১২-১৩ বছর ধরে বিভিন্ন নাটকে অভিনয় করলেও এতদিন তেমন পরিচিতি পাননি তিনি। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন এ অভিনেতা ঈমান আলি

‘কী রাগ করলা?’ সংলাপ ঘিরে তৈরি একটি ভিডিও এখন ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশন, কমেন্ট, ইনবক্স এমনকি বিভিন্ন ভিডিও কনটেন্টেও এই সংলাপ ব্যবহার করছেন নেটিজেনরা, যা একটি ট্রেন্ডে পরিণত হয়েছে।

অনেকে প্রথমে তাকে কবিরাজ বা গণক মনে করলেও বাস্তবে তিনি একজন অভিনেতা। বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ভিডিওতেও নিয়মিত অভিনয় করছেন তিনি। বিশেষ করে গণকের চরিত্রে অভিনীত একটি ভিডিওতে তার ‘রাগ করলা? কথা ঠিক না বেঠিক?’ সংলাপটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়েই কোটি ভিউ অতিক্রম করে।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কের এক পাশে মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলার ভঙ্গিতে অভিনয় করছেন তিনি। তার কথার ধরণ, চোখের অভিব্যক্তি এবং উপস্থাপনার ভঙ্গিই দর্শকদের আকৃষ্ট করে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে এই সংলাপকে কেন্দ্র করে অসংখ্য ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি হচ্ছে।

ঈমান আলি বলেন, ‘১৭ বছর আগে গাজীপুরে এসে রিকশা চালানো শুরু করি। পরে দিলদার আলি ভাদাইম্যার সঙ্গে পরিচয়ের মাধ্যমে অভিনয়ে আসি। আমি কবিরাজ না, শুধু অভিনয় করি মানুষের বিনোদনের জন্য।’আমার একটা ভিডিও ফেসবুকে দিয়েছিলাম, সেটা ১ কোটি ৬০ লাখ মানুষ দেখছে। এখন সবাই আমাকে চেনে, নাম ধরে ডাকে। একটা টিভি চ্যানেলও আমার অনুষ্ঠান করতে চাচ্ছে।’