মৃত্যুর পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান। তিনি কারিনার একটি ছবি প্রকাশ করেন, যা মৃত্যুর পর প্রকাশ করতে বলেছিলেন কারিনা নিজেই।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন রুম্মান।
প্রকাশিত ছবিতে রাস্তায় তাকিয়ে থাকতে দেখা যায় কারিনাকে। তার মুখে ছিল মৃদু হাসি। ছবিটি প্রকাশ করে ক্যাপশনে রুম্মান লেখেন, কারিনার এই ছবিটি তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটস আপ করেছিলাম। কারিনা বলেছিলেন, ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মারা যাবার পর এই ছবিটা দিয়েন!
এটি সেই ছবি
প্রসঙ্গত, লিভার সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে কারিনার। গতকাল শুক্রবার ভারতের চেন্নাইয়ে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ে নেওয়া হয় কারিনাকে। তার সঙ্গে গেছেন মা ও দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার পথে দেশে চলে যান কারিনা।