১৬ মে ২০২৬, ০৭:৪০

অবশেষে মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

কারিনা কায়সার  © সংগৃহীত

লিভার সংক্রান্ত জটিলতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে।

কারিনা কায়সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বাবা কায়সার হামিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইন্না-লিল্লাহ ওয়াইন্নালিল্লাহে রাজিউন অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে আমার প্রানপ্রিয় আদরের মেয়ে কারিনা কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভূল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কস্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। যারা এই দু:সময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্রাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন’

আরও পড়ুন: ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পরিবার সূত্রে জানা যায়, কারিনা প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ জনিত জটিলতায় তার ‘লিভার ফেইলিউর’ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন ধরে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় ও চিত্রনাট্য লেখায় ব্যস্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬ ২৪ ৩৬’। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তার বিশেষ পরিচিতি ছিল।

কারিনা কায়সারের অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, নির্মাতা ও অসংখ্য ভক্ত এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।