১০ এপ্রিল ২০২৬, ১৫:৪২

১৮ দিনে আয়ের রেকর্ডের শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

বনলতা এক্সপ্রেস সিনেমার তারকরা  © সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের দর্শক খরা কাটতে শুরু করেছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি সেই সাফল্যের পালে নতুন হাওয়া দিয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা এই সিনেমাটি ১৮ দিনে ১ লাখের বেশি দর্শক টিকিট কেটে দেখেছেন। গত ১৮ দিনে ছবিটির আয় ৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে।

বাংলা সিনেমার ক্ষেত্রে এমন সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশের উদাহরণ খুব একটা দেখা যায় না। তবে এবার দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এই সিনেমা মুক্তি দেওয়ায় প্রকৃত দর্শক সংখ্যা জানা গেছে। এই বড় সাফল্যকে দর্শকদের ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখছেন এর পরিচালক তানিম নূর। তিনি জানান, দর্শকদের এই স্বতঃস্ফূর্ত সাড়াই আগামীতে ভালো কাজ করার বড় অনুপ্রেরণা।

দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও ‘বনলতা এক্সপ্রেস’ দারুণ ব্যাবসা করছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি ৫৪ হাজার মার্কিন ডলার আয় করেছে। অস্ট্রেলিয়া ও বিদেশের অন্যান্য বাজার মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির আয় ইতোমধ্যে ১ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস প্রযোজিত এই সিনেমার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে। নির্মাতা তানিম নূরের মতে, ট্রেন যেভাবে দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, ‘বনলতা এক্সপ্রেস’ তেমনি মানুষের জীবনের বিচ্ছিন্ন আবেগ ও মানবিক গল্পগুলোকে এক সুতোয় গেঁথেছে। একটি ট্রেনের বিভিন্ন বগিতে থাকা বৈচিত্র্যময় জীবনের হাসি-কান্না আর সম্পর্কের জটিলতাই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।