২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

‘শনিবার বিকেল’ কেন মুক্তি দিচ্ছেন না, জানালেন মোস্তফা সরওয়ার ফারুকী

আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’  © সংগৃহীত

আলোচিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ মুক্তি না দেওয়ার পিছনে কারণ ব্যাখ্যা করেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা লিখেন, ‘শনিবার বিকেল’ কেনো মুক্তি দিচ্ছেন না? অনেকেই মাঝে মধ্যেই আমার উদ্দেশ্যে এই হাওয়াই প্রশ্ন ছুঁড়েছেন গত দেড় বছর। প্রশ্নের মধ্যে এমন একটা ভাব লুকাইয়া রাখা আছে অ্যাজ ইফ আমি এখন উগ্রবাদ নিয়া কথা বলতে ভয় পাই। হাহাহা।

তিনি লিখেন, বাস্তবতা হইলো ছবিটা সনি লিভে মুক্তি পাওয়ার পর হাজার হাজার অনলাইন লিংক ছড়াইয়া পড়ে। যার দেখার সে দেখে ফেলছে। আর কারো দেখা বাকী থাকলে সে এক সেকেন্ডেই  দেখতে পারবে।

তার মতে, ‘অনলাইনে অ‍্যাভেইলেবল একটা ছবি সিনেমা হলে কেনো মুক্তি দিচ্ছেন না- এই দাবী একমাত্র তারাই করতে পারেন যারা সিনেমা ব‍্যবসার সাথে জড়িত না।’

ফারুকী বলেন, বাংলাদেশের বাজারে একটা সুপারহিট ছবিও ডিস্ট্রিবিউশন খরচ বাদ দিলে কত টাকা আয় করে এটা অন্দরমহলের লোক জানে। যেমনঃ আমাকে কিন্তু এনারা কেউ বলবেন না, ব‍্যাচেলর সিনেমা হলে এখন মুক্তি দিচ্ছেন না কেনো? কারণ দেয়ার ইজ নো বিজনেস লেফট।

ফারুকী আরও লিখেন, যারা কল্পনায় অনেক কিছু ভাবতে আনন্দ পাচ্ছেন আমি আমার বানানো সকল ছবিই ওউন করি। আগের মতোই ধর্মীয় বা সাংস্কৃতিক (জ্বী ওটাও খুব গুরুত্বপূর্ণ) যে কোনো মৌলবাদ নিয়ে ছবিও করবো। শিল্পীর উগ্রবাদ নিয়ে কথা বলতে যেমন সংকট থাকার কথা না, তেমনি চেতনার নামে শত শত মানুষ গুম-খুনের বিরুদ্ধে কথা বলতেও সংকট থাকার কথা না।

পোস্টের শেষে তিনি  জগতের সকল প্রাণী সুখ কামনা করেন।