টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে মাঠে নামছে টাইগাররা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক।
সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
নিজেদের গত ১৮টি টি-টুয়েন্টি ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি নিউজিল্যান্ডে হতাশা ছড়ানো ত্রিদেশীয় সিরিজের পরে দলের লাইনআপে পরিবর্তন আনা হয়েছে আবারো। সাব্বির আর সাইফুদ্দীনকে বাদ দিয়ে নতুন করে যুক্ত হয়েছেন সৌম্য এবং শরীফুল
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম ও নেদারল্যান্ডস রয়েছে ১৭ নম্বরে। টি-টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে দুদলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের দুই জয়ের বিপরীতে ডাচরা জিতেছেন একবার।
আরও পড়ুন: আজ থেকে ৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি।
বিশ্বকাপের প্রথম পর্বে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে উঠেছে নেদারল্যান্ডস।
অপরদিকে বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।
সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল নেদারল্যান্ডস। ভারতের ধর্মশালায় সেই ম্যাচে মাত্র ৮ রানে হেরেছিল তারা। তবে বাংলাদেশের বিপক্ষে দলটির একমাত্র জয় ২০১২ সালে।
বাংলাদেশ শিবিরের সকলেই ফিট থাকলেও ডাচদের দলে ইন্জুরির কারণে থাকতে পারে পরিবর্তন।