০৬ মে ২০২৩, ০৮:৫২

মাদ্রাসার ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

ঘটনাস্থলে জড়ো হয়েছেন স্থানীয়রা  © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গী এলাকায় মাদ্রাসার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাদিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মধ্যবাগান গ্রামের হাসান আলীর ছেলে। তিনি তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা সংলগ্ন খাঁ পাড়া পাটোয়ারী এলাকায় বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সাদিকুল মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ নামের একটি মাদ্রাসার পোস্টার লাগাতে সাতাইশ শরীফ মার্কেট এলাকার ফিরোজ খান টাওয়ারের ৮ তলা ভবনে উঠেন। ভবনের পশ্চিম ও উত্তর অংশে পোস্টার লাগাতে সক্ষম হলেও ভবনের মাঝের অংশে পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাদিকুল। বেশ কিছু সময় বৈদ্যুতিক তারে ঝলসে তারপর নিচে পড়ে যান তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় হারভেস্টার মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী জানান, টঙ্গীর খাঁ পাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন সাদিকুল। দুপুরে মারকাযুল কুরআন সুন্নাহ মাদ্রাসার তৃতীয় তলায় ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।